Thursday, April 30, 2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার


ছবিঃ সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত পিস্তল ও গুলি উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনির মনোয়ারা জুট মিল সংলগ্ন এলাকায় টহল চলাকালে একটি সন্দেহজনক প্যাকেটের খোঁজ পায় র‍্যাব সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে গিয়ে তারা ঝোপঝাড়ের মধ্যে স্কচ টেপে মোড়ানো বস্তুটি শনাক্ত করেন।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে প্যাকেটটি খুলে দেখা যায়, এর ভেতরে একটি ৭.৬২ মিলিমিটার ক্যালিবারের ‘৫৪ চায়না’ অটোমেটিক পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ রয়েছে। উদ্ধার করা অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ এর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন