- ০২ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি করেছেন তরুণ মিডফিল্ডার কোবি মাইনু। নতুন এই চুক্তির ফলে ২০৩১ সাল পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থাকবেন তিনি। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ক্লাবটি তাদের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়কে ধরে রাখতে সক্ষম হলো।
২১ বছর বয়সী মাইনু ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা একজন ফুটবলার। ২০১৪ সালে যুব দলে যোগ দেওয়ার পর ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে সিনিয়র দলে জায়গা করে নেন। এখন পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে ৯৮টি ম্যাচ খেলেছেন এবং করেছেন সাতটি গোল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি গোল আসে এফএ কাপ ফাইনাল ২০২৪-এ ম্যানচেস্টার সিটি-র বিপক্ষে।
গত মৌসুমে সাবেক কোচ রুবেন আমোরিম-এর অধীনে খুব বেশি সুযোগ পাননি মাইনু। এমনকি তিনি ধারে অন্য ক্লাবে যাওয়ার আগ্রহ দেখালেও তা অনুমোদন পায়নি। তবে কোচ পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়।
বর্তমানে অন্তর্বর্তী প্রধান কোচ মাইকেল ক্যারিক-এর অধীনে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই মিডফিল্ডার। মৌসুমের শেষ ভাগে তিনি প্রায় নিয়মিত একাদশে খেলছেন এবং তার পারফরম্যান্স দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনাইটেডও লিগের শীর্ষ তিনে উঠে এসে চ্যাম্পিয়নস লিগে ফেরার পথে অনেকটাই এগিয়ে গেছে।
নতুন চুক্তি প্রসঙ্গে মাইনু বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য শুধু একটি ক্লাব নয়, এটি তার নিজের ঘরের মতো। ক্লাবের উন্নতির ধারা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে বড় শিরোপা জয়ে অবদান রাখতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান।
ক্লাব কর্তৃপক্ষের মতে, তরুণ এই মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদে দলে রাখার সিদ্ধান্ত ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ।