- ১০ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক | PNN
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা অঙ্গরাজ্যে গুলিতে নিহত হয়েছেন হামুরাবি হুয়েসকা মানজানো নামে এক সাংবাদিক। শুক্রবার সশস্ত্র একটি দলের গুলিতে তিনি নিহত হন। এ নিয়ে চলতি বছরে মেক্সিকোয় হত্যার শিকার সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯ এ তথ্য জানিয়েছে।
হামুরাবি হুয়েসকা মানজানো ‘পিনোতেপা কমুনিকা’ নামের একটি সংবাদ ওয়েবসাইটের মালিক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ট্যাক্সিচালক হিসেবেও কাজ করতেন। অঙ্গরাজ্যটির সরকারি কৌঁসুলির দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুই ব্যক্তির সঙ্গে থাকা অবস্থায় সশস্ত্র হামলাকারীদের গুলিতে তিনি প্রাণ হারান।
প্রাথমিক তদন্তে স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে কৌঁসুলির দপ্তর। তদন্তসংশ্লিষ্ট একটি ধারণা অনুযায়ী, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন ‘এল দারিও’ নামে পরিচিত এক ব্যক্তি। ওয়াহাকার উপকূলীয় এলাকায় সহিংসতা উসকে দেওয়ার জন্য পরিচিত ওই ব্যক্তি হামলায় আহত হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যান।
কৌঁসুলির দপ্তরের ভাষ্য অনুযায়ী, হামলার সময় এল দারিওকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন হুয়েসকা মানজানো। তখনই গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে হামলার স্থান নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিককে তাঁর বাড়িতে গুলি করা হয় এবং এ ঘটনায় এক নারীও আহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সাংবাদিকের পেশাগত কাজের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাননি।
সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তদন্তে হুয়েসকা মানজানোর সাংবাদিকতার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তাঁর কাজের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সান মিগেল ত্লাকামামা পৌরসভার মেয়র আন্তোনিও ওলমেদো মেন্দোজাও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করে নিহত সাংবাদিকের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত মেক্সিকো। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সাল থেকে দেশটিতে ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। অপরাধী চক্রের সহিংসতা, দুর্নীতি এবং স্থানীয় ক্ষমতাকেন্দ্রিক সংঘাত নিয়ে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকেরা সেখানে প্রায়ই হুমকি ও হামলার মুখে পড়েন।
হুয়েসকা মানজানোর হত্যাকাণ্ডের পেছনে তাঁর সাংবাদিকতার কোনো ভূমিকা ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।