Monday, June 8, 2026

মধুপুরে র‌্যাবের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিদেশি মদ উদ্ধার; গ্রেফতার ৫


ছবিঃ মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ জানায়, মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ৬ জুন মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

প্রথম অভিযানে সন্ধ্যার দিকে জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে একই এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন যাত্রীকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।

অন্যদিকে রাতের আরেক অভিযানে মধুপুর থানা সংলগ্ন সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একজন মাদককারবারিকে আটক করা হয়। তার বহন করা ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন