Sunday, August 9, 2026

মাঠের বল গিয়ে সড়কে, উরুগুয়ের ফুটবল ম্যাচে অদ্ভুত গাড়ি দুর্ঘটনা


ছবিঃ মাঠের বাইরে ফুটবল উড়ে গেল সড়কে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফুটবল ম্যাচে বল মাঠের বাইরে চলে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই বল যদি পাশের মহাসড়কে গিয়ে চলন্ত গাড়ির চালককে বিপাকে ফেলে এবং শেষ পর্যন্ত একাধিক গাড়ির সংঘর্ষের কারণ হয়, তাহলে ঘটনাটি নিঃসন্দেহে অস্বাভাবিক।

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ফুটবলে এমনই এক ঘটনা ঘটেছে। মন্টেভিদিও ও পায়সান্দুর ম্যাচ চলাকালে মাঠ থেকে বেরিয়ে যাওয়া একটি ফুটবল পাশের সড়কে গিয়ে পড়ে। সেটিকে এড়াতে গিয়ে এক চালক নিয়ন্ত্রণ হারালে ঘটে যায় তিন গাড়ির সংঘর্ষ।

ঘটনাটি ঘটে পার্ক এএনসিএপি স্টেডিয়ামে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ম্যাচের ২৪ মিনিটে স্বাগতিক উরুগুয়ে মন্টেভিদিওর এক খেলোয়াড় জোরালোভাবে বল ক্লিয়ার করেন। বলটি মাঠের সীমানা পেরিয়ে চলে যায় পাশের রুট ১ সড়কে।

ওই সময় শহরের পশ্চিম দিকে অবস্থিত ব্যস্ত সড়কটি দিয়ে বন্দরের দিকে যাচ্ছিল বেশ কয়েকটি গাড়ি। হঠাৎ একটি চলন্ত গাড়ির সামনে ফুটবলটি এসে পড়লে চালক সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও একটি গাড়ি ধাক্কা দিলে তিনটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে।

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনায় কেউ আহতও হননি। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং প্রায় ১৫ মিনিট যানজট তৈরি হয়।

পরে দুজন ব্যক্তি দুর্ঘটনাকবলিত পিকআপটি রাস্তার পাশ থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাঠের বাইরে এমন অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও মাঠের ভেতরের ফলাফল ছিল উরুগুয়ে মন্টেভিদিওর জন্য আনন্দের। পায়সান্দুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি।

এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে উরুগুয়ে মন্টেভিদিও। শীর্ষে থাকা প্লাজা কোলোনিয়ার চেয়ে তারা সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে। তবে শীর্ষ দলটি একটি ম্যাচ কম খেলেছে।

ফলে ম্যাচটির সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে থাকল গোল বা জয় নয়, বরং মাঠ থেকে ছুটে যাওয়া একটি ফুটবলের কারণে সড়কে ঘটে যাওয়া বিরল এই দুর্ঘটনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন