- ২৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম ক্যাম্পাস রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা আর গোপন বা ‘গুপ্ত রাজনীতি’ দেখতে চায় না; তারা চায় স্বচ্ছ ও উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ।
সোমবার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে গোপনে সংঘবদ্ধ হয়ে অস্থিরতা সৃষ্টি করার যে প্রবণতা রয়েছে, তা সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম শিক্ষা পরিবেশকে ব্যাহত করে এবং ইতিবাচক কোনো ফল বয়ে আনে না বলেও মন্তব্য করেন তিনি।
রকিবুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। এখন তারা একটি শান্ত ও স্থিতিশীল ক্যাম্পাস চায়, যেখানে মুক্তভাবে মতামত প্রকাশ ও রাজনৈতিক চর্চা করা যাবে। তিনি মনে করেন, যদি রাজনীতি করতেই হয়, তবে তা সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে উন্মুক্তভাবে হওয়া উচিত।
তিনি সংসদে এ বিষয়টি নিয়ে আরও বিস্তৃত আলোচনা হতে পারে বলেও মত দেন। তার মতে, ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি থাকবে, সে বিষয়ে একটি স্পষ্ট নীতিমালা নির্ধারণ করা প্রয়োজন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত শিক্ষা-পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও সুশাসনের ভিত্তিতে গড়ে তুলতে শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।