Tuesday, July 14, 2026

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার


ছবিঃ ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে তিনি স্বাক্ষর করেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ উপলক্ষে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং কাতারের রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাতার দূতাবাসে পৌঁছে সংরক্ষিত শোকবইয়ে নিজের শোকবার্তা লিপিবদ্ধ করেন তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান। দূতাবাসের পক্ষ থেকে কাতারের শোকাহত রাজপরিবার ও দেশের জনগণের প্রতি জানানো সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, কাতারের রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের এই সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানও উপস্থিত ছিলেন। তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল-থানি কাতারের আধুনিক রাষ্ট্রগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুতে দেশটির রাজনৈতিক অঙ্গনসহ আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন