Tuesday, June 30, 2026

জাতীয় দলের ব্যাটিং উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বিসিবি: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী


ছবিঃ সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের লিখিত জবাবে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং শক্তি আরও সমৃদ্ধ করতে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, একটি ক্রিকেট দলের সাফল্য শুধু ব্যাটিংয়ের ওপর নির্ভর করে না; ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগের সমন্বিত পারফরম্যান্সই দলের সাফল্যের মূল ভিত্তি। এ কারণে জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট, বাংলাদেশ ‘এ’ দল এবং বয়সভিত্তিক ক্রিকেটারদের কারিগরি, কৌশলগত ও মানসিক সক্ষমতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, বিসিবি দেশি ও বিদেশি অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেইনার এবং পারফরম্যান্স অ্যানালিস্টদের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করছে। প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ, নিয়মিত অনুশীলন এবং খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে ব্যাটসম্যানদের দক্ষতা বাড়ানোর কাজ অব্যাহত রয়েছে।

আমিনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্সে এই উদ্যোগের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তার দাবি, বাংলাদেশ সব ধরনের ক্রিকেটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও গুরুত্বপূর্ণ জয় অর্জন করছে।

তিনি আরও বলেন, জাতীয় দলের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ম্যাচজয়ী ইনিংস খেলছেন। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ এবং বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন প্রতিভারাও জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। এতে দেশের ব্যাটিং ভাণ্ডার আরও সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদে আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে। তবে খেলাটিকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন