Sunday, October 11, 2026

জাতীয় দল থেকে ফেরার পর মেসির জোড়া গোল, মায়ামির ৪-০ ব্যবধানে জয়


ছবিঃ গোলের পর মেসির উদাযাপন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা শেষে ক্লাব ইন্টার মায়ামিতে ফিরেই নিজের চেনা ছন্দে লিওনেল মেসি। তাঁর জোড়া গোলের পাশাপাশি লুইস সুয়ারেজের দুই গোলে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে মায়ামি। রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি।

ম্যাচের শুরুতেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তৃতীয় মিনিটে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে জালের দেখা পান তিনি। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। দুই গোলেই তাঁকে সহায়তা করেন জার্মান বেরতেরামে।

বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান বাড়ায় মায়ামি। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান মেসি। এরপর ৬০ মিনিটে প্রতিপক্ষের তিনজন রক্ষণভাগের খেলোয়াড়কে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর এই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মায়ামি।

এই জোড়া গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির লিগ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় টানা তৃতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের দৌড়েও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

ডিসি ইউনাইটেডের বিপক্ষে বড় জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। আগামী মাসে শুরু হতে যাওয়া প্লে-অফের আগে এই জয় দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শীর্ষ চার দলের মধ্যে থেকে প্রতিযোগিতার পরবর্তী পর্বে যাওয়ার এবং ঘরের মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা পাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

জাতীয় দলের দায়িত্ব শেষ করে ক্লাবে ফিরেই মেসির এমন পারফরম্যান্স মায়ামির সমর্থকদের জন্য স্বস্তির খবর। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর গোল করার ধারাবাহিকতা দলটির শিরোপার স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন