Monday, October 19, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি শুরু, আবেদন চলবে ১৫ নভেম্বর পর্যন্ত


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ সোমবার (১৯ অক্টোবর)। অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এ কার্যক্রমের আওতায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, গণমাধ্যম ও সাংবাদিকতাসহ বিভিন্ন পেশাভিত্তিক কোর্সে ভর্তির সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রমের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছুদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রবেশ করে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অথবা সরাসরি এ ফি জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ২০ ডিসেম্বর।

এ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড), ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড), ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড), মাস্টার অব এডুকেশন (এমএড), মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড) এবং মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ ছাড়া মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম এবং বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সেও আবেদনের সুযোগ থাকছে। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এলএলবি শেষ পর্ব ও এমবিএ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি কার্যক্রমও পরিচালিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি কোর্সে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত এক নয়। বিএড কোর্সে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকেরা অগ্রাধিকার পাবেন। অন্য আবেদনকারীদের ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।

এমএড ও এমএসএড কোর্সে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে বিএড, বিএমএড অথবা বিএসএড পরীক্ষায় নির্ধারিত ন্যূনতম ফল থাকতে হবে। অন্যদিকে, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজম কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি বা নির্ধারিত জিপিএর নিচে ফল থাকলে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো আবেদনকারী ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তাঁর আবেদন, ভর্তি কিংবা নিবন্ধন বাতিল হতে পারে।

এ ছাড়া একই সময়ে অন্য কোনো শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।

ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও কোর্সভিত্তিক শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus’ ও ‘Important Notice’ বিভাগ দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন