- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (৫ মে) থেকে। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের ডিন ড. মো. আশেক কবির চৌধুরী।
তিনি জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কার্যক্রম চলবে আগামী ১৭ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। ঈদের ছুটির আগেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্যমতে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৬ শতাংশ। ফলাফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই প্রাথমিকভাবে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে Applicant Login অপশনের মাধ্যমে Honours Login-এ গিয়ে Application ID ও পিন নম্বর ব্যবহার করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ফরমের প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে।
প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজভেদে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি এই ফি গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের ফি জমাদানের সময় নির্ধারণ করা হয়েছে ৬ মে থেকে ১৮ মে পর্যন্ত।
অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষকে ৬ মে থেকে ১৯ মে পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।