Monday, May 11, 2026

ফেসবুকে আসছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’


ফাইল ছবিঃ সাদিয়া আয়মান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ডিজিটাল বিনোদনের নতুন ধারায় যুক্ত হতে যাচ্ছে মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া। আগামী ১৪ মে সিনেমাওয়ালা ফেসবুক পেজ-এ মুক্তি পাবে সিরিজটি। মুক্তির আগে রাজধানী ঢাকার একটি ক্লাবে আয়োজন করা হয় বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং অনুষ্ঠানের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজটির অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজক এবং আমন্ত্রিত অতিথিরা। এ সময় প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলারও।

১৫ পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় তিন মিনিট। নির্মাতাদের ভাষ্য, বর্তমান প্রজন্মের দ্রুত কনটেন্ট দেখার অভ্যাস মাথায় রেখেই এমন ফরম্যাটে সিরিজটি নির্মাণ করা হয়েছে।

সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই-কে।

গল্পে উঠে এসেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবনসংগ্রাম। পরিবারের গোপন সীমাবদ্ধতার ভেতর থেকেও সে গেমিং ও লাইভস্ট্রিমিংয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলার চেষ্টা করে। তবে একসময় তার এই গোপন পরিচয় পরিবারের সামনে প্রকাশ পেলে শুরু হয় নানা টানাপোড়েন।

নির্মাতা মিরাজ হোসেন বলেন, ছোট সময়ের মধ্যে গল্প বলার এই ধরণ বাংলাদেশের বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে। তাঁর মতে, দর্শকের বদলে যাওয়া অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে এমন উদ্যোগ সময়োপযোগী।

সাদিয়া আয়মান জানান, স্বল্প দৈর্ঘ্যের পর্বে গল্প উপস্থাপনের অভিজ্ঞতা তাঁর জন্য নতুন ছিল। তিনি বলেন, ভিন্নধর্মী এই প্রজেক্টে কাজ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।

সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। প্রযোজক নাজিম ফারহান চৌধুরী বলেন, মোবাইলভিত্তিক দর্শকের জন্য ভার্টিক্যাল স্টোরিটেলিং এখন সময়ের দাবি। এই সিরিজের মাধ্যমে নতুন ধরনের গল্প বলার যাত্রা শুরু হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সহপ্রযোজক ও ক্রিয়েটর পুলক অনিল জানান, নতুন ফরম্যাটে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ এলেও পুরো টিম সেটিকে ইতিবাচকভাবে নিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন