Tuesday, May 12, 2026

ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত আরও একজন


ছবিঃ সড়ক দুর্ঘটনা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফেনী

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে শহরের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নুর আলম এবং তার ছেলে নিরব। নুর আলম পেশায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন। আহত ব্যক্তি আফজাল মিঠু, যিনি নিহত নুর আলমের ভাগিনা। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল –এ পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নুর আলম ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফেনীর দিকে ফিরছিলেন। পথে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত নিরব ও আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে নিরব মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসচালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মহিপাল হাইওয়ে থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন