Tuesday, July 14, 2026

ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন হবে, আইএমএফও একমত: অর্থমন্ত্রী


ফাইল ছবিঃ সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নে একমত আইএমএফ :অর্থমন্ত্রী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সরকার ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতেই সংস্কারের পথ নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়েছে।

সোমবার সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভ ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে নতুন ঋণ কর্মসূচির কাঠামো, বাস্তবায়নের ধাপ এবং নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের প্রস্তাবিত অর্থনৈতিক ভিত্তি ও সংস্কার কৌশল সম্পর্কে আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে একটি অভিন্ন ধারণা তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের সময় সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক বাস্তবতা ও সামাজিক প্রভাব বিবেচনায় নিয়েই সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগোবে। এ ধরনের দায়িত্বশীল অবস্থানকে আইএমএফও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজারের পরিবেশ উন্নয়ন এবং রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে কর আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা ভবিষ্যতে কর-জিডিপি অনুপাত বাড়াতে সহায়ক হবে বলে সরকারের প্রত্যাশা।

ভর্তুকি নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। আপাতত নতুন ঋণ কর্মসূচির মৌলিক কাঠামো ও নীতিগত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। পরবর্তী ধাপে ভর্তুকি, ব্যয় ব্যবস্থাপনা এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল প্রসঙ্গে তিনি জানান, আইএমএফের সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসেনি। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের মধ্যে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

নতুন ঋণ কর্মসূচি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ কিছু সংস্কারমূলক শর্তের কথা জানিয়েছে। সরকার সেগুলো একসঙ্গে নয়, বরং পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময় আবারও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি বিবেচনায় আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া ইতিবাচকভাবেই এগিয়ে যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন