Saturday, July 11, 2026

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এনসিপির জরুরি সংকট মোকাবিলা দল গঠন


প্রতীকী ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও সমন্বিত করতে ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এই বিশেষ টিম কাজ করবে। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং উদ্ধার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় করাই হবে দলের প্রধান দায়িত্ব।

এনসিপির গঠিত টিমে রয়েছেন জাওয়াদুল করিম, জোবাইফুল হাসান আরিফ, এ. এস. এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, মীর শোয়াইব, আরিফ মঈনুদ্দীন, মোহাম্মদ সিফাত হোসাইন, সাজ্জাদ উদ্দিন, মিশকাত হোসেন, আকাশ নূর, আনোয়ারুল হক, আব্দুল করিম, আলী নেওয়াজ ইমন, রকিবুল হাসান, মোহাম্মদ আজাদ এবং আবদুর রহমান।

দলটির ভাষ্য, বন্যাকবলিত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই টিম। পাশাপাশি উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে।

এনসিপি জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন