Monday, May 11, 2026

চট্টগ্রামে সেমিনারে বিএনপির সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার


ছবিঃ ১১ দলীয় ঐক্যের সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

সাংবিধানিক সংস্কার ও গণভোটের রায় নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মতামত প্রত্যাখ্যান করেছে। তাঁর অভিযোগ, বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ পুরোপুরি অনুসরণ না করে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ আয়োজিত ‘১১-দলীয় ঐক্যের গণভোটের রায়: জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন অলি আহমদ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় কার্যকর করার বিষয়ে স্পষ্ট অবস্থান দিচ্ছে না। তাঁর দাবি, সাংবিধানিক সংস্কার–সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছিল, কিন্তু গণভোটে জনগণ সেসব অবস্থানের বিরুদ্ধে মত দিয়েছে।

তিনি আরও বলেন, যেসব বিষয়ে ভিন্নমত দেওয়া হয়েছিল, সেগুলো ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পথ তৈরি করতে পারে। তাই গণভোটের রায়কে জনগণের সরাসরি মতামত হিসেবে মূল্যায়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বের আরও গভীর অধ্যয়ন প্রয়োজন। তাঁর মতে, গণভোটের রায়ের বিপক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। তিনি ক্ষমতায় টিকে থাকতে জনসমর্থন ও নৈতিকতার গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন