Tuesday, May 19, 2026

ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট


ছবি: (সংগৃহীত)


নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আন্তঃব্যাচ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ১৬তম ব্যাচকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ১৭তম ব্যাচ।

সমাজকল্যাণ ফুটবল ও ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের পৃষ্ঠপোষকতায় এবং ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে তিনদিনব্যাপী টুর্নামেন্টে ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের সাতটি দল অংশ নেয়।

মঙ্গলবার (১৯ মে) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সমাজকল্যাণ ইনস্টিটিউটের ১৬ ও ১৭তম ব্যাচ। মাঠের লড়াইয়ে দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। ফলে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হলেও কোনো দলই গোল করতে পারেনি। পরবর্তীতে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১৬তম ব্যাচকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় ১৭তম ব্যাচ।

ফুটসাল হলো ছোট মাঠ ও ইনডোরে ৫ সদস্যের দল নিয়ে খেলা ফুটবল। বাংলাদেশে নিয়মিত কর্পোরেট, বিশ্ববিদ্যালয় এবং বয়সভিত্তিক পর্যায়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজিত হয়। 

টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। ১৭তম ব্যাচের রাকিবুজ্জামান রাতুল ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়, একই ব্যাচের মাহমুদুল হাসান তানভীর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, জালাল আহমেদ সেরা গোলকিপার এবং ১৬তম ব্যাচের মেহেদী হাসান তরু সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। 

ফাইনাল খেলা শেষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মাহবুবা সুলতানা প্রধান অতিথি ও ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা ড. শেখ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ স্পোর্টসের অলরাউন্ডার মো. তৌফিকুজ্জামান, রিসাদ সরকারসহ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চায় যুক্ত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জানান, মাদকমুক্ত ও মেধাভিত্তিক ক্যাম্পাস গঠনে তরুণ সমাজকে মাঠমুখী করা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ করতে হবে। সমাজকল্যাণ ইনস্টিটিউটের এই আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি মনস্তাত্ত্বিক বিকাশে দারুণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের যেকোনো ইতিবাচক ও কল্যাণমুখী উদ্যোগে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন