Wednesday, October 14, 2026

চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান


ফাইল ছবিঃ সাব্বির রহমান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ চার বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাব্বির রহমান। মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ঘোষিত বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। দলটির নেতৃত্ব দেবেন এস এম মেহেরব হাসান।

২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর জাতীয় দলে আর সুযোগ পাননি সাব্বির। এরপর দীর্ঘ সময় তিনি ঘরোয়া ক্রিকেটেই নিয়মিত ছিলেন। জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেলা চালিয়ে যান এই ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর এবার বিসিবির এইচপি দলে সুযোগ পাওয়াকে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

দলের অলরাউন্ড বিভাগে সাব্বির রহমানের সঙ্গে রয়েছেন অধিনায়ক এস এম মেহেরব হাসান, রাকিবুল হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। ব্যাটিং বিভাগে জায়গা পেয়েছেন জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল ও প্রীতম কুমার।

স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও সাব্বির রহমান। আর পেস আক্রমণে রয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ আগস্ট। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

বিসিবি জানিয়েছে, মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া এই এইচপি দলই পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন