Monday, October 19, 2026

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড


ছবিঃ চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

মা ইলিশের প্রজনন রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অভিযোগে আটক ২৪ জেলের মধ্যে ২২ জনকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আটক অন্য দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ সময় জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে জেলা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সদর উপজেলার আনন্দবাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল ও বহরিয়াসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয়জন জেলেকে আটক করা হয়। পরে তাদের মধ্যে ২২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায়।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ এবং তানভীর রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ২৫ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ পাঁচ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন