- ২১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বাড়াতে বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো বছরে সব শর্ত পূরণ না হলেও বিশেষ সাফল্য থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জন থাকলে পরিচালনা পর্ষদ এ ধরনের বোনাস অনুমোদন করতে পারবে।
তবে এ ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে। ব্যাংককে ওই বছরে পরিচালন মুনাফা করতে হবে এবং আগের বছরের তুলনায় মূলধন কমে যাওয়া যাবে না। পাশাপাশি নতুন করে কোনো সঞ্চিতি বিলম্বের সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে না।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তাদের কর্মোদ্যম বাড়বে এবং একই সঙ্গে আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে। নির্দেশনায় পূর্বের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়েছে এবং জারির দিন থেকেই কার্যকর হয়েছে।