Sunday, July 12, 2026

বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার


ছবিঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে কথা বলেছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশজুড়ে টানা ভারী বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন একাংশ শিক্ষার্থী। এ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আবহাওয়ার সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষাকেন্দ্রগুলোর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার তথ্য হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। এরপর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ নিয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

ড. এহছানুল হক মিলন আরও জানান, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকলে সেই কেন্দ্র বা অঞ্চলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যেসব পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে যাবে, সেগুলো নতুন সময়সূচি অনুযায়ী আয়োজনের পরিকল্পনা ইতোমধ্যে করা হচ্ছে। শিক্ষার্থীদের যেন কোনো ধরনের অযৌক্তিক ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন