Friday, July 10, 2026

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত


প্রতীকী ছবিঃ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

টানা বর্ষণ, বন্যা পরিস্থিতির অবনতি এবং বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবার নির্ধারিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে।

বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার কারণে বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক শিক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রও দুর্যোগের প্রভাবের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দিতে মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষা স্থগিতের ঘোষণা প্রচারের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নতুন সময়সূচির জন্য বোর্ডের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন