Sunday, October 11, 2026

বকশীবাজারে মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রশিবিরের প্রবেশ ঠেকাতে পুলিশের ব্যারিকেড


ছবিঃ বকশীবাজার রোডে এ ব্যারিকেড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আবাসিক হলে ওঠার জন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে বকশীবাজার রোডে এ ব্যারিকেড দেওয়া হয়।

জানা গেছে, হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী’ ও ছাত্রশিবিরের নেতারা সম্মিলিতভাবে আবাসিক হলে প্রবেশের উদ্দেশ্যে মাদ্রাসার দিকে যাওয়ার সময় পুলিশ সড়কে অবস্থান নেয়। পরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেড বসানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেডের কারণে বকশীবাজার রোড দিয়ে কোনো যানবাহন মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারছে না। তবে ভেতর থেকে যানবাহন বের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে একই সময়ে মাদ্রাসা-ই-আলিয়ার ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ নিয়ে ক্যাম্পাস এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবাসিক হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের নেতাকর্মীদের কর্মসূচি এবং পুলিশের অবস্থানের কারণে মাদ্রাসা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

তবে ব্যারিকেড দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন