Tuesday, April 28, 2026

বিসিবি নির্বাচনে লড়বেন তামিম ইকবাল, ‘সুষ্ঠু ভোট’ আয়োজনের প্রতিশ্রুতি


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ESPNcricinfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তামিম বলেন, দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা স্পষ্ট করেছিলেন। তার মতে, দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জরুরি।

সাম্প্রতিক সময়ের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এক পর্যায়ে দেশের ক্রিকেট কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, যার প্রভাব পড়েছে খেলোয়াড়দের ওপরও। ভবিষ্যতে এমন অবস্থা যেন না তৈরি হয়, সে লক্ষ্যে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হলে তার পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে যাবেন বলেও জানান সাবেক এই অধিনায়ক।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে তামিম ইকবাল জানান, অ্যাডহক কমিটিকে তিন মাস সময় দেওয়া হলেও এর আগেই নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।

বোর্ড পরিচালনা ও জাতীয় দলের নেতৃত্বের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, অধিনায়ক হিসেবে দায়িত্ব সীমাবদ্ধ থাকে দল ও মাঠের পারফরম্যান্সে। কিন্তু বোর্ড সভাপতির দায়িত্ব অনেক বিস্তৃত—এখানে ক্রিকেটের সার্বিক উন্নয়ন, অবকাঠামো, কোচিং স্টাফ এবং প্রশাসনিক বিষয়গুলো সমান গুরুত্ব পায়। তাই সিদ্ধান্ত নিতে হয় বৃহত্তর স্বার্থ বিবেচনায়।

উল্লেখ্য, এর আগে আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ একটি অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির প্রধান করা হয় তামিম ইকবালকে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন নির্বাচনের মাধ্যমে বিসিবির পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন