Wednesday, October 14, 2026

বগুড়া বিশ্ববিদ্যালয়ে ৯ বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাই ইউজিসির


ছবিঃ বগুড়া বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে বগুড়া বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে নয়টি বিভাগ চালুর সম্ভাব্যতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। প্রস্তাবিত বিভাগগুলোর প্রয়োজনীয়তা, একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টিতে পরিদর্শন করে কমিটি। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনের সময় প্রস্তাবিত বিভাগগুলো চালুর যৌক্তিকতা, শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার বিভিন্ন দিক খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি মূল্যায়ন করাই ছিল এ পরিদর্শনের মূল উদ্দেশ্য।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. নেভিন ফরিদা।

এ ছাড়া কমিটিতে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হারুনুর রশিদ এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মামুনুর রশীদ খান।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরুর লক্ষ্য সামনে রেখে বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। পাঁচটি অনুষদের অধীনে নয়টি বিভাগ চালুর প্রস্তাব যাচাইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরুর অগ্রগতি মূল্যায়ন করা হচ্ছে।

তবে প্রস্তাবিত বিভাগগুলোর চূড়ান্ত অনুমোদন এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন