Tuesday, August 18, 2026

বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত


ছবিঃ নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত নজরুল ইসলাম শান্তের ভাষ্য, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে কয়েকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান এবং পাঁচজনই গুলিবিদ্ধ হন।

নজরুলের দাবি, হামলায় তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। তার অভিযোগ, পিচ্চি রিয়াদ তাকে ‘জামায়াত-শিবির করি’ বলে মন্তব্য করে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকিও দেন।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, হারুন ও রায়হানের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে হারুন ও তার সহযোগীরা প্রতিপক্ষের লোকজন মনে করে ওই ব্যক্তিদের ওপর হামলা চালিয়ে থাকতে পারেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হয়েছে। এতে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন