- ০৮ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২ কেজির এলপিজি সিলিন্ডার পাইকারিতে ২ হাজার টাকা দরে বিক্রির রশিদ পাওয়ার পর প্রতিষ্ঠান দুটিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশজুড়ে এলপিজি গ্যাসের বাজারে অস্থিরতার মধ্যে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে বুধবার দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাইকারি ক্রয়মূল্য ছিল ১ হাজার ৭৪২ টাকা। লোড-আনলোড, শ্রমিক, পরিবহন ব্যয় ও মুনাফা যুক্ত করে পাইকারি বিক্রয়মূল্য ১ হাজার ৯০২ টাকা হওয়ার কথা থাকলেও একটি প্রতিষ্ঠানের বিক্রয় রশিদে প্রতি সিলিন্ডারের দাম ২ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের সরবরাহ ও মূল্য নিয়ে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় নিয়মিত নজরদারি ও অভিযান ভোক্তাদের অতিরিক্ত দামের চাপ থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।