Saturday, October 10, 2026

বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান


ছবিঃ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা ও উচ্ছ্বাস মুগ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ফুটবলার কুইন সুলিভানকে। বাংলাদেশের সঙ্গে পারিবারিক শিকড়ের সম্পর্ক থাকায় এ দেশের মানুষের সমর্থন তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। সম্প্রতি এক পডকাস্টে নিজের পারিবারিক ঐতিহ্য এবং বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুইন সুলিভানের পোস্টের মন্তব্যের ঘরে প্রায়ই দেখা যায় বাংলাদেশের পতাকা। বাংলাদেশি ফুটবলপ্রেমীদের এমন ভালোবাসা ও আগ্রহকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, এত মানুষের সমর্থন পাওয়া এবং তাঁদের নিজেদের সঙ্গে যুক্ত দেখতে চাওয়ার বিষয়টি সত্যিই বিশেষ।

বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে কুইন বলেন, ‘আমরা আপনাদের সবাইকে ভালোবাসি। এত বড় সমর্থন পাওয়া এবং এত মানুষ যখন চায় আপনি কোনো কিছুর অংশ হোন, তা সত্যিই খুব বিশেষ কিছু।’ বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে তিনি আরও বলেন, তাঁদের সমর্থকগোষ্ঠী অসাধারণ।

কুইনের বাংলাদেশ-সংযোগের সূত্র তাঁর পরিবার। পডকাস্টে তিনি জানান, তাঁর নানি বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। বর্তমানে তাঁর নানি বাংলাদেশেই বসবাস করছেন। পরে দেশ থেকে বাইরে গিয়ে তাঁর নানির সঙ্গে নানার পরিচয় হয়। এভাবেই বাংলাদেশের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক গড়ে ওঠে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সুলিভান পরিবারের পরিচিতি অবশ্য শুধু কুইনের কারণে নয়। তাঁর দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন। তাঁদের পারফরম্যান্সে বাংলাদেশের ফুটবল অঙ্গনেও তৈরি হয়েছে আগ্রহ। বয়সভিত্তিক সাফ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁদের।

কুইনের ভাষ্য অনুযায়ী, বিশেষ করে যমজ ভাই রোনান ও ডেকলানের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়টি বুঝতে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সমর্থন যে তাঁদের কাছে মূল্যবান, সে বিষয়েও তাঁরা সচেতন।

যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে খেললেও পারিবারিক ঐতিহ্যের সূত্রে বাংলাদেশের সঙ্গে কুইন সুলিভানের একটি আবেগের যোগ রয়েছে। আর সেই যোগকে আরও দৃঢ় করছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আন্তরিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত সমর্থনই প্রমাণ করছে, মাঠের বাইরেও সুলিভান পরিবারের প্রতি এ দেশের সমর্থকদের আগ্রহ কতটা গভীর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন