- ০৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৪ মে) এ রিটটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক। আদালতে বিষয়টি উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।
রিট আবেদনে বলা হয়েছে, উক্ত বাণিজ্য চুক্তিটি কাঠামোগতভাবে অসম, অযৌক্তিক এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। এতে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সংবিধানসম্মত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
আবেদনে আরও বলা হয়, চুক্তির কিছু শর্ত বাংলাদেশের ওপর অসম শুল্ক কাঠামো আরোপ করছে, যা দেশীয় শিল্প, কৃষি খাত এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নীতিনির্ধারণে দেশের স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কাও তুলে ধরা হয়েছে।