Wednesday, February 25, 2026

আপোসের শর্তে জামিনে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল


ছবিঃ জামিনের পর আদালত প্রাঙ্গনে মাঈনুল আহসান নোবেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আপোসের শর্তে জামিন পেয়েছেন। মঙ্গলবার আদালতে হাজিরার পর বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণেই উপস্থিত সাংবাদিকদের অনুরোধে গান পরিবেশন করেন তিনি।

আদালত চত্বরে নোবেল বলেন, “মানুষ মাত্রই ভুল করে। আমারও ভুল হয়েছে।” দর্শক–শ্রোতাদের উদ্দেশে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, তাঁকে যেন ভুল বোঝা না হয়। পরে তিনি নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’-এর একটি অংশ গেয়ে শোনান।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ এবং ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন।

তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন এবং সহযোগী মুনেম শাহ সৌমিক।

সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার আদালতে হাজিরার পর উভয় পক্ষের সমঝোতার প্রেক্ষিতে তিনি জামিন লাভ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬
হলিউড অভিনেতা এরিক ডেন আর নেই