- ১২ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নতুন ঋণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। প্রস্তাবিত কর্মসূচির অধিকাংশ শর্তের বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই কর্মসূচির আওতায় বাংলাদেশের প্রায় ৪৫০ কোটি ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনাকে কেন্দ্র করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীসহ ১৯১ দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগের ঋণচুক্তি বাতিল হওয়ার পর গত মে মাস থেকে আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে। সেই আলোচনার ভিত্তিতেই নতুন করে ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে নতুন ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আইএমএফ এখনো কিছু বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংস্থাটি ব্যাংকিং ও রাজস্ব খাতে সংস্কার, বিভিন্ন খাতে সরকারি ভর্তুকি কমানো, সরকারি পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে।
আগের কর্মসূচির অভিজ্ঞতার আলোকে নতুন ঋণের শর্ত নির্ধারণে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইএমএফ। ফলে অধিকাংশ শর্তে সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তির আগে বাকি বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোই এখন আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।
নতুন ঋণচুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশের বৈদেশিক অর্থায়ন ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে তা ভূমিকা রাখতে পারে। তবে ঋণ অনুমোদন, অর্থ ছাড়ের সময়সূচি এবং চূড়ান্ত শর্তাবলি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।