- ০১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বহুমাত্রিক নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা একযোগে শুরু হবে।
তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষার জন্য ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেল চালু করা হয়েছে। এই সেল থেকে দেশের যেকোনো পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রী আরও জানান, মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
নকল প্রতিরোধে অতীতে অনিয়মের অভিযোগ থাকা কয়েকটি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য এলাকা এবং দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় প্রয়োজনীয় কিছু বিশেষ ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।
এ ছাড়া সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাসের বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবারের পরীক্ষাগুলো সূর্যাস্তের পর বিশেষ ব্যবস্থায় আয়োজন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, কঠোর নজরদারি, প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে।