- ০২ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নির্ধারিত ৭ জানুয়ারির তারিখ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও মতভেদ থাকায় বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, পরীক্ষার সময় নির্ধারণের ক্ষেত্রে আগে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে আবারও তাদের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। তবে বর্তমানে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন মতামত আসায় বিষয়টি আবারও আলোচনার টেবিলে তোলা হতে পারে।
তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা রমজান মাসকে কেন্দ্র করে এক মাস আগিয়ে আনার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছিল। মূলত রমজানের সময় পরীক্ষা শেষ করার লক্ষ্যেই আগে তারিখ নির্ধারণ করা হয়। তবে এখন অনেকে রমজানের পর পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিচ্ছেন।
শিক্ষামন্ত্রী বলেন, সবার মতামত নিয়ে এবং পাঠ্যসূচি ও সিলেবাসের বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষায়, “সিলেবাস সম্পূর্ণ না হলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়—এ বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নতুন করে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। সেখানে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামত গুরুত্বসহকারে নেওয়া হবে।
এর আগে পরীক্ষার রুটিন ঘোষণা করা হলেও নতুন পরিস্থিতিতে তা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্তভাবে কী হবে, তা নিয়ে এখন শিক্ষা অঙ্গনে অপেক্ষা ও আলোচনা চলছে।