Tuesday, April 28, 2026

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে নড়াচড়া, শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ ইস্যুতে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ফাইল প্রক্রিয়াকরণ শুরু করেছে, যা ইতোমধ্যে প্রশাসনিক বিভিন্ন স্তর অতিক্রম করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, উচ্চপর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর নিবন্ধনধারীদের আবেদন ডি-নথিতে তোলা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র মতে, ফাইলটি উপসচিব ও যুগ্মসচিবের পর্যায় পার হয়ে এখন অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের মতামতের অপেক্ষায় রয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নির্ধারণ করা হতে পারে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনো জটিল অবস্থায় রয়েছে। কারণ ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। এসব মামলা নিষ্পত্তি ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে।

এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানায়, তাদের প্রতিষ্ঠালগ্নে ১ম থেকে ১২তম ব্যাচের প্রার্থীদের শুধু নিবন্ধন সনদ দেওয়া হয়েছিল, যা চাকরির নিশ্চয়তা নয় বরং আবেদন করার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। পরবর্তীতে বিধিমালা ও নীতিমালার পরিবর্তনের ফলে সনদের মেয়াদ ও নিয়োগ প্রক্রিয়ায় নানা পরিবর্তন আসে।

এনটিআরসিএ আরও জানায়, অতীতে একাধিক গণবিজ্ঞপ্তিতে এসব ব্যাচের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেলেও মেধা তালিকা ও শূন্যপদের সীমাবদ্ধতার কারণে অনেকেই নিয়োগ পাননি। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন এবং বর্তমানে এ সংক্রান্ত বহু মামলা চলমান রয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিষয়টি নিষ্পত্তিতে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। পাশাপাশি বয়সসীমা ও সনদের মেয়াদ সংক্রান্ত বিধান নিয়েও আইন ও বিচার বিভাগের মতামত নেওয়া হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের এই জটিলতা নিরসনে সমন্বিত উদ্যোগ ও স্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে হাজারো নিবন্ধনধারীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই উদ্যোগ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন